হেদায়েতউল্লাহ ফকীর - গাজীপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে গাজীপুরে র্যাবের উদ্যোগে বিশেষ মহড়া ও নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের উদ্যোগে গাজীপুর শিববাড়ী মোড় ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় এই মহড়া ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় র্যাব সদস্যরা বিভিন্ন যানবাহন তল্লাশি করেন এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেন।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনে র্যাবের ভূমিকা ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা এবং জনমনে আস্থা সৃষ্টি করা।
এদিকে র্যাবের এই কার্যক্রমে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।




No comments: